নিজস্ব সংবাদদাতা, ১৯ মে: এদিন বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের দ্বিতীয় ভার্চুয়াল সভায় দুটি উল্লেখযোগ্য বই প্রকাশিত হল। কৌশানি হাসান উদ্বোধন করেন “বাঙালি মুসলমান” গ্রন্থটি এবং ‘অ্যান এথিকো ফিলোজফিক্যাল পার্সপেক্টিভ অব টেরোরিজম’ গবেষণা গ্রন্থটি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন লেখক মহ: সেলিম রেজা।
মুসলমানরা বাঙালি কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয়। তাত্ত্বিক আলোচনাও চলে। নানা বিষয় নিয়ে চলে অবধারিত বিতর্ক। এইসব তর্কবিতর্কগুলিকে সমাজবিজ্ঞানের ধারায় চুলচেরা বিশ্লেষণ করে দু’মলাটে পাঠকের সামনে হাজির করেছে ‘উদার আকাশ’ প্রকাশন। মূল্যবান এই গ্রন্থটির নাম ‘বাঙালি ও মুসলমান’। লিখেছেন প্রখ্যাত গবেষক ও প্রাবন্ধিক মইনুল হাসান।
দ্বিতীয় বইটি ‘অ্যান এথিকো ফিলোজফিক্যাল পার্সপেক্টিভ অব টেরোরিজম’ নামে একটি গবেষণা গ্রন্থ।
সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বর্তমান বিশ্বে একটি বহুল চর্চিত বিষয়। প্রায়শই একটি প্রশ্ন আমাদের মনে জাগে যে, প্রায় একই কাজ করে একজন জাতীয় নায়ক তথা স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যায়িত হয়, আর একজন সন্ত্রাসবাদী তকমা পায়। এজাতীয় প্রশ্নের সঠিক উত্তর ব্যবহারিক বা প্রায়োগিক নীতিবিদ্যার নিরিখে বিশ্লেষণ করা হয়েছে এই গ্রন্থটিতে। ফরাসি বিপ্লবের সময় থেকে শুরু করে, পরবর্তীতে বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গী থেকে সন্ত্রাসবাদের অন্তর্নিহিত কারণগুলি এখানে সযত্নে অনুসন্ধান করা হয়েছে। এটি লিখেছেন অধ্যাপক মহ: সেলিম রেজা।
নানান সাংস্কৃতিক উপস্থাপনায় অনুষ্ঠানটি ভিন্নমাত্রা পায়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ, অধ্যাপক সাইফুল্লাহ শামীম, ড. মোহাম্মদ শামসুল আলম, আবু সৈয়দ, মইনুল হাসান, মবিনুল হক, নুরুল ইসলাম, মহঃ শাহ আলম, নুরুল হুদা, রাজেশ খান, সেলিনা বেগম, সোনিয়া তাসনিম খান, আবু সৈয়দ আহমেদ, মোশারফ হোসেন, সেখ আসিফ আক্রাম, ফারুক আহমেদ প্রমূখ। এছাড়াও ভারত ও বাংলাদেশের অনেক কবি সাহিত্যিক অংশ নিলেন।
স্বরচিত কবিতা পাঠে ছিলেন কবি আরফিনা, প্রবীর ঘোষ রায়, লিটন রাকিব, সুব্রতা ঘোষ রায়, রোকেয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
আবৃত্তিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ড. পিনাকী চট্টোপাধ্যায়, আয়শা সুলেখা, আফসানা ইসলাম প্রমূখ।
উল্লেখ্য সতেরো তারিখে প্রথম অনুষ্ঠান হয় যেখানে বাংলাদেশের এবং পশ্চিম বাংলার বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ এবং আসিফ আকরামের নেতৃত্বে এই সংগঠনের সূচনা হয়।
সমগ্র অনুষ্টানটি পরিচালনায় বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ।
Leave a Reply