মো. আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আগামী ২৪ জুলাই বিএনপির ঘোষিত লিফলেট বিতরণ ও জনসভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কসবা-আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুশফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হয়।
সোমবার (২১ জুলাই) দুপুরে কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইলিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, মো. কায়কোবাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, ফেরদৌস সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, ছাত্রদল নেতা মো. রাজু আহমেদ প্রমুখ।
প্রস্তুতি সভায় কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কসবা-আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুশফিকুর রহমানকে পুনরায় বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আসন্ন জনসভাকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।
Leave a Reply