নিউজ ডেস্ক।।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেছিলেন আদালত। শুনানিতে মোবারকের পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
গত ৮ জুলাই শুরু হওয়া আপিল শুনানিতে মোবারক হোসেন নিজেকে নির্দোষ দাবি করে মৃত্যুদণ্ডাদেশ বাতিলের আবেদন করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়। একটিতে তাকে মৃত্যুদণ্ড ও আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে বলা হয়েছিল, ১৯৭১ সালে মোবারক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাকার বাহিনীর সদস্য এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা নৃশংসতায় জড়িত ছিলেন।
মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
Leave a Reply