চন্দ্রশিলা ছন্দা।।
শ্রাবণ গেছে থই থই জলে
আশ্বিনে কত আশা
কার্তিক আসে ক্ষুধা হাহাকারে
কাশফুল ভাঙে বাসা।
অথচ অবাক হেমন্ত আসে
ভরপুর বঁধু বেশে
হিমঝুরি ফুল হিম হিম চাঁদ
অগ্রহায়ণের দেশে।
ভাতের বলোকে শিউলি ফোটে
গিন্নি পাগল ধান
সোনার কিরণ ছড়ায় প্রাণে
কৃষকের মুখে গান।
কোমল উষ্ণতা মিলন বিরহে
কাম রাঙা চাঁদ ঘরে
দেবকাঞ্চন কামিনী পাপড়ি
ঝরে ঝরে যেন পড়ে।
ধু ধু কুয়াশায় ছাতিমের ডালে
জড়াজড়ি নীল টুনি
হেমন্তিকার অবগুণ্ঠনে
বসন্ত বাণী শুনি।
ভেজা ভেজা ঘাসে চিকচিক করে
সোনা সূর্যের আলো
কাঁচামিঠে শীত হেমন্তিকা
তোমায় বাসি যে ভালো।
২৭.১০.২০২১
Leave a Reply