ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম নিবন্ধনের আবেদন করায় মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৪নং খাড়েরা ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, আবুল কালাম এক ব্যক্তির ভুয়া ছেলে এবং দুই মেয়ের পরিচয় ব্যবহার করে তিনটি জন্ম নিবন্ধনের আবেদন করেন। আবেদনগুলো যাচাই করতে গিয়ে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান তথ্যের অসঙ্গতি দেখতে পান। যাচাই-বাছাইয়ে ওই ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই এবং আবেদনে উল্লেখিত নামের কোনো মেয়েসন্তানও নেই বলে নিশ্চিত হওয়া যায়।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
সঠিক ও নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply