পশ্চিমবঙ্গের সংস্কৃতি চর্চায় ড. চন্দন বাঙ্গাল একটি অত্যন্ত পরিচিত নাম। বাংলা কবিতার ওপর গবেষণা করে পঁচিশ বছর বয়সে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করার পরে শ্রী চন্দন শুধুমাত্র নিজেকে বাংলা কবিতা মধ্যে আবদ্ধ রাখেননি। পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, নাটক, ছোটগল্প, উপন্যাস এমনকি ভাষাবিষয়ে তাঁর স্বাধীন চিন্তার প্রকাশ ঘটিয়ে চলেছেন দেশ-বিদেশের অজস্র পত্র-পত্রিকায়। ইতিমধ্যে বাংলাদেশের পূর্বাপর প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে বাংলা বানান বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ “বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি”। গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভারত ও বাংলাদেশজুড়ে সুধী মহলে ড. চন্দন বাঙ্গাল অন্য মাত্রায় পরিচিত হয়ে উঠেছেন। অতিসম্প্রতি কলকাতার সম্ভ্রান্ত প্রকাশনা অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে প্রকাশিত হলো ড. বাঙ্গালের “বিজ্ঞাপন নিয়ে” গ্রন্থটি। এ গ্রন্থে তিনি প্যালিওলিথিক যুগ থেকে ঋতুপর্ণ ঘোষ পর্যন্ত বিজ্ঞাপনের বিবর্তনের আদলটিকে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর বিশ্লেষণী আলোচনায় বাদ যাননি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সত্যজিৎ রায় প্রমুখ ব্যক্তিত্ব। এর পাশাপাশি বিজ্ঞাপন মানুষকে কিভাবে প্রভাবিত করে, সত্যি মিথ্যের ফাঁদে পড়ে কিভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ সে বিষয়েও অবতারণা করেছেন তরুণ এই গবেষক। প্রসঙ্গত বিজ্ঞাপন নিয়ে গ্রন্থটি ড. চন্দন বাঙ্গালের দ্বাদশতম গ্রন্থ।
Leave a Reply