বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে আনোয়ারা উপজেলা থেকে সুজুকি ব্যান্ডের একটি মোটর সাইকেল চুরি করে পালাচ্ছিল চোর চক্র। সকালের দিকে বোয়ালখালী থানার পূর্ব কালুরঘাট এলাকায় পৌঁছলে মোটর সাইকেলের তেল শেষে হয়ে যায়। এ সময় খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশের টহল টিম তাদের আটক করেন।
আটকরা হলো আনোয়ারা বরুমচড়া ইউনিয়নের আবদুস সালামের ছেলে আলমগীর (২৫), আবুল কালামের ছেলে মিজান (২৪) ও বদিউল আলমের ছেলে শরীফ (২১)।
বোয়ালখালী থানার এসআই মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ারা থানা এলাকার মো. হাসান নামের এক ব্যক্তির সুজুকি ব্যান্ডের নীল রঙের মোটর সাইকেলটি (চট্টমেট্রো ল ১৭-৯৮৫৩) চুরি করে পালাচ্ছিলেন তিন যুবক। তারা মোটর সাইকেলটি চালিয়ে পূর্ব কালুরঘাট এলাকায় পৌঁছলে গাড়িটির তেল শেষ হয়ে যায়।
এসময় চোরেরা জাহাঙ্গীর মার্কেটের সামনে অবস্থান নেয়। মূলত গাড়িটি তারা বিকল্প উপায়ে চালু করলেও তেলের ট্যাংক খুলতে পারেননি। ফলে বিপাকে পড়ে যায় তারা। এসময় তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেন। আটকদের আনোয়ারা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মোটর সাইকেলের মালিক আনোয়ারা বৈরাগ ইউনিয়নের বাসিন্দা মো. হাসান বলেন, মঙ্গলবার ভোরে ঘরের সিঁড়ির নিচে রাখা মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায় চোরের দল। এ ঘটনায় সকালে আনোয়ারা থানায় অভিযোগ দেন তিনি।
Leave a Reply