বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। এই বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন। আবার ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্বলাভের মধ্য দিয়েই জগতে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে বান্দরবানের বিভিন্ন জাদিতে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন ভন্তেদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে। শনিবার ও রবিবার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বিভিন্ন জাদি পরিদর্শন শেষে এই উপহার সামগ্রী বিভিন্ন বৌদ্ধ পুরহিত ভন্তেদের হাতে তুলে দেন।
বান্দরবানে স্বর্ণ মন্দির, নাইনখাইন সন্তোষালয় বিহার, রাজবিল্লা স্বর্ণসখা জাদি, কিয়কমলং জাদি, সদরে কেন্দ্রীয় বৌদ্ধবিহার, রামজাদি বৌদ্ধ বিহারসহ রামু থানার দুর্গম এলাকার জেনা মং জাদির ভন্তদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, নিজস্ব অর্থায়নে আপনাদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এই উপহার দিতে আমি এসেছি। সম্প্রীতির সেতুবন্ধন মজবুত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনাদের আন্তরিকতায় ট্যুরিস্ট পুলিশের এ কার্যক্রম চালিয়ে নিতে সাহায্য করছে। আমরা ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও বৃত্তি অর্থ প্রদানসহ ট্যুরিস্ট পুলিশকে পরিচিতি করার উদ্দেশ্যে নানা কর্মসূচী গ্রহণ করেছি।
তিনি আরো বলেন আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় আগত বিভিন্ন পূণার্থীদের এখানকার ট্যুরিজম বিকাশে তাদের সহযোহিতা কামনা করেন। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন পুলিশ সুপার।
এসময় ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের পুলিশ সুপার মোহাম্মদ নকিব, ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আনোয়ারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply