নূর কামরুন নাহার।।
মৃত্যূমাখা এ শহরে তোমার হাত ধরে আছি
জানি, অর্ন্তগত ক্ষরণ দেখে না নগরের কংক্রিট।
মৃত্তিকায় পড়ে না বনানীর ছায়া
প্রিয়ার ঠোটের বিশুদ্ধ চুমুতে লেগে থাকে কৃত্রিম রং।
জলাশয়ে মৃতমাছেরা ভেসে থাকে কাফন গায়ে।
আলোড়িত বৃক্ষের পাতায় ঝরে পড়ে
ফিলোমেনার বোবা আর্তনাদ।
তবু ঐ হাতে সর্মপিত এ হাত।
জানি, বেড়ে ওঠেছে নাগরিক বেওয়ারিস রাত।
পূর্ণিমার জোৎস্নায় ফোটো না সাদা চন্দ্রমল্লিকা।
চকচক করে জ্বলে কেউটের বিষাক্ত কিরীচ।
প্রতিশ্রুত প্রেমিকেরা পান করে লিথির জল।
ইকাসুরের ডানার মতো পুড়ে যায় স্বপ্নের শুদ্ধ শরীর ।
অবরুদ্ধ এ শহরে তোমার হাত ধরে আছি
উষ্ণতার ঘামে দুটো হাত হবে আজ লরেল পাতা ।
Leave a Reply